Friday, October 13, 2023
শাহাবুদ্দীনের আঁকা
আমি চিত্রশিল্পীদের আঁকা "ভালো বুঝিনা"!
কেন লোকজন ভ্যান গগাকে নিয়ে এত "মাতে"; কেন দালির "অদ্ভুত" ছবি এত জনপ্রিয়!
অবশ্য এইগুলো যে কিছুটা "আরোপিত" সেইটা তো ঠিকই; "সময়" একটা জিনিসকে ভালো বলছে, বাহবা দিচ্ছে; তারমানে ব্যাপারটা "সেই"!
যদিও আমার আসলে যেইটা দেখে বুঝি সেই ছবি ভালো লাগে; ভিঞ্চির ছবির ডিটেইল আর ওর পেছনের নকশা, বিজ্ঞান এইগুলা "সহজ বোধে" আসে আর কি!
সেদিন সুযোগ পেয়ে ভাবলাম কন্যাকে নিয়ে আমাদের অধুনা সময়ের সবচে আলোচিত চিত্রশিল্পী শাহাবুদ্দিনের কাজ দেখে আসি।
আমি ইতং বিতিং বুঝানোর কারণে মেয়ের মনে হয়েছে খুব মজার কিছু দেখতে যাচ্ছে! যদিও এইসব ছবি ঠিক শিশুদের ছবিও না; স্বাভাবিকভাবেই সে বলেছে "উইয়ার্ড", "বোরিং"; "আঁকা ভালো হয়নাই"! 🤣 আমি এটাই খুশি!
তবে আমার একটা নিরীক্ষণ হচ্ছে শিল্পী এস এম সুলতানের মত এই শিল্পীরও পেশীবহুল মানুষে উদ্যম আর শক্তি খোঁজার প্রয়াস আছে। সুলতানের যেমন নারী পুরুষ নির্বিশেষে সবাই পেশী শক্তির অধিকারী তেমনি শাহাবুদ্দিনের ছবিতে সবাই পেশী কথা বলছে!
অথচ শিল্পী দুজনই নিজেরা ছিলেন হার জিরজিরে দেহের অধিকারী!!
এইটা "প্রকৃতির খেল" নাকি নিজেরা পেশিহীন হওয়ায় শিল্পীর "মনের খেদ- এর প্রকাশ"; নাকি নেহায়েত "শিল্লের তাড়নায়" সেটা আমি জানিনা!
ছবির সংখ্যা কম না তবে আরো আছে হয়ত কোথাও কোথায় ছড়িয়ে; প্রায় সবই বিভিন্ন সংগ্রহ থেকে ধার করে আনা।
শুনেছিলাম সুলতানের শত শত ছবি "রাখার জায়গায় অভাবে" বৃষ্টি রোদে নষ্ট হয়েছে! আমাদের ছবি দেখার পুরোটা সময়ে আমরা বাপ বেটি দুজনেই ছিলাম, বাকি দর্শনার্থী কেউ ছিলনা! এ থেকেই বোঝা যায় আমাদের শিল্প নিয়ে "বোধ"!
১১/১০/২০২৩
Saturday, March 19, 2022
আমাদের মিল্কি ওয়ে
Saturday, December 11, 2021
মলিন মানে কি!?
প্রতিদিন আমার মেয়েটা শুধু খেলা আর খেলা নিয়ে থাকে!
এই বন্দী করোনা কালে শিশুদের অনেক অভ্যেস তৈরি হবার সুযোগই নাই! সবাই বাক্সে বন্দী!
হাসপাতাল থেকে ফিরে দেখি দৌড়াদৌড়ি করে ঘেমে, কোথায় কোথায় কালি লাগিয়ে, পানি না খেয়ে একটু ডিহাইড্রেড। বললাম
- মা! তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন?
- মলিন! মানে?
- মলিন মানে বুঝতে পারলে না!?
- উহু
- আচ্ছা দাড়াও তোমাকে একটা গান শোনাই!
- গান?
- হুম! এই গানটা হচ্ছে নজরুল সঙ্গীত! আমাদের জাতীয় কবি লিখেছেন! যে যে গান লেখে আর সুর দেয় সেই গানটা তার হয়ে যায়। এই মনে কর রবীন্দ্রনাথ যেসব গান লিখে সুর দিয়েছে সেগুলো হচ্ছে রবীন্দ্র সংগীত। তুমি যদি কোন লিখে, সুর দিয়ে কোন গান বানাও সেই গান হবে সাম্মি সঙ্গীত!
- (😁)
- তো গানটা শোন, .... মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল... নহে নহে প্রিয় এ নয় আঁখি জল!
- কি বুঝলে!?
- 🙄
- আচ্ছা শোন নহে মানে না, নহে নহে মানে দুইবার না বলেছে। প্রিয় মানে পছন্দের কেউ। আর আঁখি মানে... চোখ! বাংলায় কিছু কিছু জিনিসের অনেক নাম আছে যেমন, আখি মানে চোখ, আবার চোখ মানে তো চোখ; চোখের আরও একটা নাম আছে, নেত্র! এই নামে আবার একটা জায়গায় নাম আছে; নেত্রকোনা! মানে চোখের কোনা! মজা না!?
- 😁 চোখের কোনা!
- আবার মনে কর এই যে তুমি মাকে বল মাম; আবার মা! দুটো মানেই তো মা তাইনা? এমন আরও অনেক শব্দ আছে যার মানেও মা! এবার বল জল মানে কি?
- কি?
- জল মানে হচ্ছে পানি! এটাও পানির আরেকটা নাম! যেমন পানির আরেকটা নাম বারি!
- এতগুলো নাম কেন?
- আসলে যারা কবিতা লেখে, এই যে আমাদের জাতীয় কবির মত এরা তো অনেক জ্ঞানী! অনেক জানে! ওরা একটা কিছুর অনেক নাম জানে আর সেগুলো দিয়ে সুন্দর সুন্দর কবিতা লেখে! বুঝলে?
- হুম
- তো ... মলিন হয়েছে ঘুম চোখের কাজল... শুনে তোমার কি মনে হল?
- 🙄
- আচ্ছা মনে কর, কেউ চোখে কাজল দিয়েছে, তোমার মত ছোট বাবু! চোখে কাজল চকচক করছে! তারপর সে ঘুমিয়ে গেল! তারপর ঘুম থেকে উঠলে সেই কাজল কি আগের মত থাকবে? বিছানা বালিশ লেগে চোখে কেমন মুছে যাবে না? আর যদি বাবুটা কান্নাকাটি করে তাহলে তো কাজল মুছে ওর গালেই লেগে যাবে! ভাব একবার ব্যাপারটা!
- এইবার বুজলে মলিন মানে কি? (সামান্য শব্দ মলিন বোঝানোর জন্যে একটু বেশীই হয়ে গেল!)
- হুম! (মলিন শব্দটা এত্ত কঠিন!!)
- আচ্ছা জানো এই গানটা কবি নজরুল কেন লিখেছে?
- কেন? (উৎসাহী!)
- কারণ কবিরা তো অনেক জ্ঞানী হয়! কবি নজরুল জানতো একদিন পৃথিবীতে একটা ছোট বাবু আসবে আর সে একদিন তার বাবাকে জিজ্ঞেস করবে মলিন মানে কি; তাই মলিন মানে কি সেই ছোট্ট বাবুকে বোঝানোর জন্য কবি এই গান লিখেছেন!
- সত্যি! আমাদের জাতীয় কবি আমার জন্যে এই গান লিখেছে?
- অবশ্যই! তোমার দাদাভাই তো জাতীয় কবি না, দাদাভাই তোমার জন্যে একটা কবিতা লিখেছে না?
- হুম লিখেছে!
- তো! দাদাভাই একটা কবিতা লিখলে জাতীয় কবি তোমার জন্যে একটা গান লিখবে না!?
- সে আগে থেকেই জানতো আমার কথা!?
- অবশ্যই! বললাম না কবিরা খুব জ্ঞানী হয়! তারা অনেক পড়ে আর ভাবে! পড়ে বলে তারা অনেক জানে আর ভাবে বলে তারা অনেক লিখতে পারে! দেখনা দাদাভাই অনেক ভেবে ভেবে একটা কবিতা লেখে!
- মাম! সত্যিই কি জাতীয় কবি আমার জন্যে এটা লিখেছে!
- তুমি মামকে জিজ্ঞেস করছ কেন!? বাবা অবশ্যই তোমার সাথে মিথ্যে বলছে না!
- এবার বুঝলে মলিন মানে কি?
- ❤️
Tuesday, September 29, 2020
পাকিস্তান না!
- মা! আমাদের কোথাও বেড়াতে যাওয়া দরকার। কোথায় যাওয়া যায় বলতো?
- আমরা পাহাড়ে যেতে পারি!
- পাহাড়ে!?
- হুম... আর চাইলে মরুভূমিতেও যেতে পারি!
- মরুভূমি! সেটা তো অনেক দূর! আমাদের দেশে তো মরুভূমি নাই!
- তাহলে কোথায় আছে? কোন দেশে আছে?
- এই মনে কর, আফ্রিকা!
- তাহলে আফ্রিকা যাব।
- আফ্রিকা তো অনেক দূর!
- তাহলে কাছে কোন দেশে আছে?
- এই মনে কর পাকিস্তান!
- না না বাবা! পাকিস্তান যাবনা! পাকিস্তান না!
- কেন বাবা!? (তড়িৎ পাকিস্তান না যাবার সিদ্ধান্ত নেবার কারণ বুঝলাম না!)
- জাননা! পাকিস্তানের মানুষ যে বাংলাদেশী মানুষদের মেরে ফেলে!
২৯/০৯/২০২০

