Showing posts with label দেশ. Show all posts
Showing posts with label দেশ. Show all posts

Friday, July 31, 2020

কোটি কোটি এবং কোটি

খবর: করোনা বিডি অ্যাপ বানাতে খরচ পাঁচ কোটি! 

৫ কোটি!

আমরা দেশের মানুষ এখন মোটামুটি কোটি ছাড়া হিসেবে করিনা! 

কোটি ছাড়া কথা হবেনা! 

এই দেশ আজ সবাইকে কোটিতে মাপে; তাই দেশে তৈরি হচ্ছে শুধু কোটিপতি!

আমার বেতন কত?
আমি বলব ০.০০৫ কোটি! 

আজ ছয় বছর চিকিৎসক হিসেবে সরকারি চাকুরী করবার পর এই বেতনে এসে দাঁড়িয়েছি! এই করোনা কালে কোন কোন সরকারী চাকুরে কতদিন অফিস করেছেন, কে ফ্রন্টলাইন ব্যাক লাইন দেখেছেন সে হিসেবে আমি যাচ্ছিনা (কেউ একজন ফেসবুকে লিখেছিলেন তিনি সাড়ে তিনমাস পর তার অফিসে ঢুকেছেন!), আমি অন্যান্য বৈষম্যের কথা বলছি না, শুধু বলতে চাই এই কয়েকমাস আমি নিয়মিত অফিস করেছি, আমার মত প্রায় সব চিকিৎসক! নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলেছি, আক্রান্ত হয়েছি! 

কিন্তু বিমিনয়ে কেউ একটু ইতিবাচক কথাও বলেনি! রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বারবার অবহেলিত আমাদের চিকিৎসকেরা! 

আমি লিখে দিতে পারি এই মহামারীর পর এই দেশ থেকে চিকিৎসক হিসেবে দেশত্যাগের পরিমাণ কয়েকগুন বেড়ে যাবে! সবচাইতে ঝুঁকিতে থেকে, বিনা প্রণোদনায়, বিনা বাক্যব্যয়ে যারা কাজ করতে রাজি থাকেন তাদের চাহিদা বাইরের বিশ্বে বেশি হবে এইটাই স্বাভাবিক! 

আজ পর্যন্ত খুব অল্প সংখ্যক মানসম্পন্ন প্রকৌশলীকে এই দেশ ধরে রাখতে পেরেছে সেই স্রোতে এইবার "আরও পরিশ্রমী ও দক্ষতর জনবল"; চিকিৎসকেরা যুক্ত হবেন। আরেকটু প্রতিযোগিতা করলেই তারা বাইরের পৃথিবীতে সর্বোচ্চ সম্মান নিয়ে বাঁচবেন!

এই দেশে যারা কোটির হিসেব করেন তারা কি কখনো হিসেব করেন কত কোটি মেধাবী দেশ ছেড়ে গেল! 

যারা এই দেশটাকে সত্যিকার অর্থেই কিছু দিতে পারত তাদেরকে দেশ সেই সুযোগ দিচ্ছে না! তারা কেন তাদের উজাড় করে দেশকে দেবেন!? তারপরেও দিয়েছেন, মৃত্যুর মিছিলে চিকিৎসক ও তাদের পরিবারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে! কে তার খবর রাখে!

এই করোনা কলে এই দেশের সাধারণ চিকিৎসকেরা যে আত্মত্যাগ করেছেন তাতে তাদের জাতীয় বীর ঘোষণা করে আক্ষরিক অর্থেই "মাথায় তুলে নাচা উচিত"! 

ছোটবেলায় পড়েছিলাম "যে দেশে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মাতে পারে না"!

এই কথাটা যারা পড়েছেন, মনে রেখেছেন তারা আজ দেশে অনাহুত, আর যারা ভুলে গেছেন বা পড়েননি তারা আজ এত উচুতে যে তাদের ধরা ছোয়া তো দূরে, ঠিকঠাক দেখাও যায়না! 

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী! 
আবার "কোটি"! 

৩১/০৭/২০২০

Wednesday, January 30, 2019

একটি "ভাল্লাগে - ঠেলায় - ঘোরতে" দেশ

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক জুড়ে খুব বেশী দেখতে পাচ্ছিলাম এই বাক্যটি। এমনকি কি প্রথম শ্রেণীর কিছু দৈনিক পত্রিকাতেও এই বিষয় নিয়ে খুব হাসি তামাশা করা হয়েছে। প্রথমে হালকা হাসি তামাশা থাকলেও পরে এটি একটি সামাজিক যোগাযগ মাধ্যমে "ট্রেন্ড" হয়ে যায় এবং সাধারণ ও অসাধারণ সকল মানুষই এটি লিখতে বলতে থাকেন...  "ভাল্লাগে - ঠেলায় - ঘোরতে"!

আমি দেখেছি আমার ফেসবুক পাতায় অসংখ্য প্রগতিশীল, মুক্ত ও সুন্দর চিন্তার মানুষও এই লাইন প্রচার করেছেন। আমি নিজে নানাবিধ প্রয়োজনে সামাজিক এই মাধ্যমের বাইরে যেতে পারিনি বা হয়ত তেমন দৃঢ়তা ও আমার নেই কিন্তু আমি এই "সামাজিকতা" ঠিক নিতে পারিনি! হয়তো আমি নিজেই প্রাচীন কিন্তু আমার কাছে মনে হয়েছে এই লাইনগুলি ভাবে লেখা কখনই উচিত নয়। এটি বারবার লেখাও একধরণের প্রচার!

এর পেছনের অনেক গল্প থাকতে পারে, অনেকের স্বার্থ হাসিল হতে পারে, অনেকের নিছক আনন্দ থাকতে পারে কিন্তু সারা দেশের মানুষ যেভাবে ব্যাপারটি করেছে তাতে একটা জিনিস প্রমাণিত...
কি?
একটু বিশদভাবে বলি...

আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন দেখবেন এই দেশে সেই প্রাচীন আমল থেকেই আরকান এসেছে, ব্রিটিশ এসেছে, মগ এসেছে,  এসেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মাটিতে এসেছে... ব্যবসা করেছে এবং  বংশ বৃদ্ধি করেছে। ১৬ শতকে যখন ভাস্কো-দা-গামা আমেরিকাকে আবিষ্কার করেন মাত্র, তখন এই বাংলার সাথে শ্রীলংকার বা সিংহলের মশলার বানিজ্য চলে! সেই অবস্থা থেকে আজ আমেরিকা "আমেরিকা" হয়েছে আর আমরা বাঙালি রয়ে গেছি। এখন যদি আপনি জিজ্ঞেস করেন "আচ্ছা এই ভূমিতে বিভিন্ন দেশ থেকে এত মানুষ কেন আসলো?"

তার একটা জুতসই জবাব হতে পারে ...
এই মনে করেন ""ভাল্লাগে - ঠেলায় - ঘোরতে"!

তো "ভাল্লাগে - ঠেলায় - ঘোরতে" এসে যে সংকর জাতি তৈরি হয়ে গেল তাদের কাছ থেকে আর কি অাসা করা যেতে পারে! যে জাতি প্রায় ২০০ বছর ইংরেজ এর গোলামী করেছে এবং মীরজাফরের "বীরত্বে" পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে, পরবর্তীতে ছোট্ট বাংলাদেশ হয়ে আবারও নিজের দেশের জাতির পিতাকে নিজেরা হত্যা করেছে তাদের মন ও মানসিকতা আর কতই বা উচু হবে! শুধু কেমন করে যেন এক অবিসংবাদিত জাদুকরের জাদুতে বাঙালি একটি দেশ পেয়ে গেছিল ৭১ এ!

যারা অনেক অসীম সম্ভাবনার কথা বলেন, অসীম ক্ষমতার কথা বলেন, অসীম প্রাণশক্তির কথা বলেন তারা হয়তো নারাজ হবেন কিন্তু আমার কেন যেন বাঙালি হিসেবে নিজের দীনতায় চোখ পড়ে! (হয়তো আমি নিজে বাঙালি আমার অক্ষমতা আছে আমারও সীমাবদ্ধতা আছে!)

ঠিক যেভাবে এই বাক্যটি এই অসম্ভব "হালকা" বাক্যটি বাংলাদেশী মানুষের কাছে ট্রেন্ড হয়েছে ঠিক সেইভাবেই বাংলাদেশের মানুষ মেকি, হালকা এবং অন্তঃসারশূন্যতার দিকে ঝুঁকছে!

খুব সোজা ভাবে দেখলে বা বললে আমাদের দেশে এখন ভালো গান হচ্ছে না, ভালো চলচ্চিত্র হচ্ছে না, ভালো ছবি আঁকা হচ্ছে না! আমাদের অস্তিত্বের সংকট নেই তাই সংস্কৃতি আমাদের কোন দিক নির্দেশনা দিচ্ছে না! আমাদের সব ভালো কিছু আগলে রাখা যাচ্ছে না, আমরা মেকি, ধার করা, অন্তঃসারশূন্য, ভাড়ামি আর অর্থহীনতার দিকে এগুচ্ছি! আমরা লাগামছাড়া ঘোড়ার মত শুধু ছুটে যাচ্ছি! আমাদের বিত্ত এসেছে, পরনে কাপড় - মুখে ভাত এসেছে কিন্তু মননে রুচি আসে নি! আমরা আজও জানি না আমরা ঠিক রুচিশীল, উন্নত, সভ্য একটি জাতি আদৌ হতে পারব কিনা!