Showing posts with label হাহাকার. Show all posts
Showing posts with label হাহাকার. Show all posts

Thursday, February 23, 2017

অদ্ভুত সুন্দর হাহাকার!

আরো একটা বইমেলা চলে যাচ্ছে হুমায়ুনহীন, হুমায়ুন নিয়ে বইমেলার মাতামাতিটাও কমে আসছে। পৃথিবী তার নিজের নিয়মে পুরনোকে আস্তে আস্তে মুছে দিচ্ছে...

হুমায়ুন আহমেদ এর বই পড়ে আমি যে ব্যাপারটা খুব অনুভব করি তা হচ্ছে একটা "হাহাকার"! কোথায় কোন জগতে সে হাহাকারের জন্ম তা জানিনা কিন্তু "মনটা কেমন করে"; প্রবল ভালোবাসা, প্রবল মমতার সাথে প্রবল এক হাহাকার!

বেশ কয়েকটা বই পড়ছিলাম একসাথে, সবগুলোই প্রায় ফোনে বা প্যাডে! যখন যেটা হাতের কাছে পাই সেটায় যা থাকে তাই পড়ি, একই বই সবগুলোতে রাখার মত ধৈর্য্য হয়না। এর মাঝে একসাথে তিনটা বই পড়ছিলাম হুমায়ুনের যার একটামাত্র হার্ডকপি! একটা বইয়ের চরিত্রের সাথে আরেকটা মিলে যাচ্ছিল; ছাড়া ছাড়া করে পড়ার কারণে অন্য কোন গল্প হয়ে উঠছিল যেন। ব্যাপারটা থামাতেই হল...

"একটি সাইকেল ও কয়েকটি ডাহুক পাখি" বইটা মাত্র শেষ হল। অদ্ভুত নাম দেখেই পড়তে শুরু করে দেখি এত অদ্ভুত ভালো একটা বই আমি প্রথম পড়লাম! হুমায়ুনের শেষদিকের লেখাগুলো যে আবারো সেই সুন্দরের ধারায় ফিরে আসছিল এটি তার একটা প্রমাণ।

খুব ভালো লাগে লেখাগুলো, চরিত্রগুলোকে এত আপন মনে হয়! এত মায়া জমে যায় কয়েক ঘন্টায়! ওদের জন্য "মন কেমন করে"!

Thursday, September 24, 2015

অনি:শেষ হাহাকার

প্রশ্নপত্র ফাঁস চলছেই!
এমন কি পরীক্ষা নাই যে প্রশ্ন ফাঁস হয়নাই! জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে মেডিকেল ভর্তি পর্যন্ত!  মোটামুটিভাবে হাক-ডাক করেই প্রশ্ন ফাঁস করা হয়েছে আর সরকার সেই ব্যর্থতা অস্বীকার করে সমস্যা জিইয়ে রেখে বিদ্যুত গতিতে ফলপ্রকাশ করে দিয়ছে। দেশের স্বাস্থ্য-শিক্ষাব্যবস্থার এঈ অবনমনে কে কতটুকু পেল আর কোথায় কতখানি ক্ষতি হল?

কিছু অর্থলোভী কুলাংগার হয়ত টাকার জন্য প্রশ্নগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন; কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ যোগান কি এই এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা দিয়েছে?

না! মোটেই না! প্রতিটি অর্থ এসেছে অভিভাবকের পকেট থেকে! তারা "এককালীন বিনিয়োগ" হিসেবে পাওয়া প্রশ্নটি তুলে দিয়েছেন তাদের সন্তানদের হাতে!

তাহলে ঘটনা কি দাড়ালো!? সরকারি যে সুবিধাটুকু মেধাবী কিন্তু বিত্তহীনদের জন্য ছিল সেটুকু দখল করে নিল বিত্তশালী কিন্তু "পতিত চরিত্রের" কিছু মানুষ! আর বেসরকারিভাবে চিকিৎসা শিক্ষার অংশটুকু তো আগে থেকেই বিত্তশালীদের হাতে (বরং এইবার হয়ত এটা বলা হবে; এই অংশটুকু সত্যিকারের মেধাবী!)

আর যে ছেলেটা, যে মেয়েটা দিন-রাত পড়েছে; প্রশ্ন পাওয়ার চেষ্টা করেনি; যার অভিভাবকেরা এখনো সন্তানের মনুষত্বকে কলুষিত করেনি তাদের জন্য কি উপহার থাকল? রাষ্ট্র তো তাদের কিছুই দিতে পারল না! বরং এটা বুঝিয়ে দিয়েছে- দেশটা; দেশের মানুষেরা সব ভেতরে ভেতরে পচে গেছে!

কদিন পর যদি আমাকে আমার ছোট্ট শিশুটা প্রশ্ন করে "আমার দেশটা এমন কেন? মানুষগুলো এমন কেন?"
তখন আমি কি উত্তর দেব? ওকে কোন পথ দেখাবো? কোনো আশার কথা; সম্ভবনার কথা কি আমি শোনাতে পারব?